হিরো আলমকে হারাতে আ. লীগ শক্তি ব্যবহার করেছে: আলাল

ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, হিরো আলমের মতো একজন মানুষকে নির্বাচনে হারানোর জন্য আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি ব্যবহার করেছে। আর যদি কোনো রাজনৈতিক ব্যক্তি নির্বাচনে দাঁড়াত, তাহলে তারা আরও কত কী যে করত তা বলা মুশকিল।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের সঙ্গে যে প্রতারণা করছে তার বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে। এ আন্দোলন বিএনপির একার নয়, দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী পূর্বাচলে পাতাল রেলের উদ্বোধন করেছেন। সেখানে মহাসড়ক করার জন্য কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে। এখন পাতাল রেলের জন্য আবার সড়ক খুড়তে হবে। আবার হাজার হাজার কোটি টাকা বাজেট করে চুরি করা হবে।

বিএনপির এই নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ হা-হুতাশ করছে। সামনে রমজান মাস আসছে। এখনই দ্রব্যমূল্য নিয়ে মানুষ আতঙ্কে আছে। বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে-এভাবে প্রতারণা করে জনগণের কাছ থেকে সব টাকা লুটপাট করে নিচ্ছে।