আফ্রিদির মেয়ের জামাই হলেন শাহিন

দুই বছর আগে গুঞ্জন উঠেছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়ের জামাই হতে চলেছেন শাহিন শাহ আফ্রিদি। তার কিছুদিন পরেই বাগদান সেরেছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে বিয়েটাও সেরে নিলেন এই ক্রিকেটার।

আজ শহীদ আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা আফ্রিদিকে বিয়ে করেন শাহিন। করাচির জাকারিয়া মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

বিশ্ব ক্রিকেটের বর্তমান সময়ের অন্যতম সেরা এই পেসারের বিয়েতে এসেছিলেন অধিনায়ক বাবর আজম, সরফরাজ খান, নাসিম শাহসহ আরও অনেক ক্রিকেটারই। সাবেকদের মধ্যে ছিলেন শহীদ আফ্রিদির দীর্ঘদিনের সতীর্থ মোহাম্মদ হাফিজ। তাদের উপস্থিতি বিয়েতে যেন বসেছিল তারকাদের মেলা।

পরিবারের সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিইও নিউজ জানায়, বিয়ের আয়োজনের জন্য দুই দিন আগেই করাচি পৌঁছায় আফ্রিদি পরিবার। নতুন যুগলের মেহেদী অনুষ্ঠান হয় বৃহস্পতিবার রাতে। তবে মেয়েকে আপাতত নিজের বাড়িতেই রাখছেন আফ্রিদি।

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শিরোপা ধরে রাখার পথে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দেবেন বাঁহাতি এই পেসার।