রাশিয়া ফের জার্মান ট্যাংকের মুখোমুখি : পুতিন

স্তালিনগ্রাদ যুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তিতে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েতের লড়াইয়ের তুলনা টেনেছেন। ইউক্রেনে ট্যাংক পাঠানোর জার্মান সিদ্ধান্তকে ইঙ্গিত করে পুতিন বলেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। এটা অবিশ্বাস্য, কিন্তু সত্য। আমরা ফের জার্মান লেপার্ড ট্যাংকের হুমকির মুখোমুখি।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠানোর পর যে পশ্চিমা দেশগুলো কিয়েভকে নানাভাবে সহায়তা করছে জার্মানি তার অন্যতম। পুতিন জার্মানিকে ইঙ্গিত করে বলেন, আমরা আমাদের ট্যাংক তাদের সীমান্তে পাঠাচ্ছি না, কিন্তু আমাদের তো জবাব দিতেই হবে। সেই জবাব কেবল সাঁজোয়া অস্ত্রশস্ত্রে হবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে স্তালিনগ্রাদ লড়াইয়ের সমাপ্তির বর্ষপূর্তি উদযাপনে গত বৃহস্পতিবার ভলগোগ্রাদে যান পুতিন। স্তালিনগ্রাদের ওই যুদ্ধে প্রায় ৯১ হাজার জার্মান সেনা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, ফ্রন্টের লড়াইয়ে ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকেই পুতিন বলছেন, তার অভিযান হচ্ছে উগ্র জাতীয়তাবাদী ও নাৎসিদের বিরুদ্ধে, যারা কিয়েভ সরকারের নেতৃত্বেও আছে। ভলগোগ্রাদে দেওয়া ভাষণেও তার কণ্ঠে পাওয়া যায় একই সুর।