টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। গতকাল বাংলাদেশ-নেপাল ম্যাচটার গুরুত্ব বহু গুণে বেড়ে গিয়েছিল আসরের ফরম্যাটের কারণে। চার জাতি সাফ অনূর্ধ্ব-২০ মহিলা চ্যাম্পিয়নশিপ এবার হচ্ছে লিগভিত্তিক। চার দল হলেও ফাইনালে ওঠার লড়াইটা মূলত ভারত, বাংলাদেশ আর নেপালের। দুর্বল ভুটানকে বাকি তিন দল বড় ব্যবধানে হারাবে, এটা অনুমেয়। সেক্ষেত্রে তিন দলের মুখোমুখি ফল ফাইনালের সমীকরণে রাখবে বড় ভূমিকা। সেখানেই বাংলাদেশ অনেকটা এগিয়ে গিয়েছে নেপালকে ৩-১ গোলে হারিয়ে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ভারতও।
এমন একটা শুরুর প্রত্যাশাই ছিল বাংলাদেশের। ছিল একটা চ্যালেঞ্জও। বয়সের কারণে গোলাম রব্বানী ছোটনের এই স্কোয়াডে নেই বড় তারকাদের ভিড়। অপেক্ষাকৃত অনভিজ্ঞ দল নিয়ে চ্যালেঞ্জের প্রথম ধাপটা ভালোভাবেই পার করেছেন অভিজ্ঞ কোচ। তাই তো ম্যাচ শেষে স্বস্তিটা ফুটে উঠেছে ছোটনের কথায়, ‘নেপাল খুব শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে পরিকল্পিত ফুটবল খেলে জয় পেয়েছি। প্রথম ম্যাচে জয়ের ফলে স্বাভাবিকভাবেই সামনের পথচলাটা শুরু হয়। তবে এখনই বলব না যে, আমাদের ফাইনাল নিশ্চিত। পরের ম্যাচটা ভারতের সঙ্গে। তারা এই আসরের ফেভারিট দল। তাই আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’
ম্যাচের শুরুটা স্বপ্নের মতো হয়েছিল বাংলাদেশের। তৃতীয় মিনিটেই প্রথম আক্রমণ থেকে দারুণ গোল করেন সদ্য সমাপ্ত নারী ফুটবল লিগে সর্বোচ্চ ২৫ গোল করে আলোচনায় আসা আকলিমা। ১৩ মিনিটে শামসুন্নাহার ব্যবধান দ্বিগুণ করেন। তিন মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে রিপার ক্যারিশমায় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
প্রথম ম্যাচের পরীক্ষা সফল উত্তরণে আগামীকাল বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশের মেয়েরা। যদিও সেদিন তাদের বড় পরীক্ষা দিতে হবে ভারতের কাছে। সেই পরীক্ষার আগে বাংলাদেশ শিবিরে দুর্ভাবনা শামসুন্নাহারের কনকাশন। প্রথমার্ধ্বের শেষ দিকে প্রতিপক্ষের একজনের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক। ছোটন অবশ্য দিয়েছেন স্বস্তির খবর, ‘মাথায় আঘাত পাওয়ার কিছুক্ষণের জন্য স্মৃতি লোপ পেয়েছিল শামসুন্নাহারের। তবে এখন সে অনেকটাই স্বাভাবিক। এখন তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হবে। শামসুন্নাহার এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই দ্বিতীয়ার্ধে তার অনুপস্থিতি কিছুটা ভুগিয়েছে।’ নেপালের কোচ ইয়াম প্রসাদ গুরুং হারের দায় চাপিয়েছেন বলের ওপর, ‘নেপালে আমরা সাধারণত সেলাই করা বলে খেলি। এখানে এসে সেলাই ছাড়া বলে খেলতে হয়েছে। এটা আমাদের আগে জানানো হয়নি।’
আসরের প্রথম ম্যাচে ভারত ১২ গোলের লজ্জায় ডুবিয়েছে দুর্বল ভুটানকে। ভারতের হয়ে হ্যাটট্রিক করেছেন নেহা, অনিতা কুমারি ও লিন্ডা কম সেত্রো। এমন জয়ে স্বাগতিক বাংলাদেশকে যেন একটা সতর্ক বার্তা দিয়ে রাখল নারী ফুটবলে এ অঞ্চলের পরাশক্তিরা।