নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহ্রীরের সাজাপ্রাপ্ত পলাতক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম তমিজ আহম্মেদ সবুজ (৩২)।
গতকাল শুক্রবার সকালে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বরগুনার তালতলী। প্রায় সাত বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন সবুজ। এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ৯টার দিকে রাজধানীর ভাটারা থানার নতুনবাজার এলাকা থেকে তমিজ আহম্মেদ সবুজকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় সাত বছর আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এটিইউ সূত্র জানায়, তমিজ আহম্মেদ সবুজ ভীতি ও অস্থিরতা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রবিরোধী যড়যন্ত্র, গণতন্ত্র ও প্রচলিত বিচারব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচারসহ সাংগঠনিক কাজ করে আসছিলেন।