বাংলাদেশের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে আগেও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিন বছর টাইগারদের কোচ ছিলেন তিনি। তার অধীনে এসেছে অনেক সাফল্য।
যদিও দায়িত্বের শেষ বেলায় অনেকটা অপেশাদারিত্বের পরিচয় দিয়েই তিনি পদত্যাগ করেন। তবে ৬ বছর পর বিসিবি আবার তাকে কোচ হিসেবে ফিরিয়ে এনেছে।
হাথুরুসিংহেকে এভাবে ফিরিয়ে আনায় বোধহয় অবাক হয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তাই তিনি মনে করেন, হাথুরুর হাতে পারফরম্যান্সে উন্নতি ঘটানোর মতো যাদুর কাঠি আছে।
আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই কোচ এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে গণমাধ্যমকর্মীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই হাথুরুসিংহের কাছে কোনো যাদুর কাঠি আছে। যিনি আগে চলে গেছেন তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। যেভাবে আমরা তাকে চেয়েছি, তাতে আমি মনে করি তার হাতে পারফরম্যান্সে উন্নতি করার মতো যাদুর কাঠি আছে। সেটা আপনারাই (গণমাধ্যমকর্মী) ভালো বলতে পারবেন। তবে সবাই আশা করে তার অধীনে বাংলাদেশ ভালো করবে।’