ঘরোয়া টি-টোয়েন্টিতে ইমরুল কায়েসের অভিষেক ২০০৮ সালে। ১৫ বছর ধরে তিনি খেলছেন বিভিন্ন দলের হয়ে। বিপিএলেও ব্যাট হাতে লড়াই করছেন প্রথম আসর থেকেই। নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এই দলটির অধিনায়ক হয়ে দুইবার তিনি শিরোপাও জিতেছেন। তার কাছে দলের প্রত্যাশা তাই বেশি।
কিন্তু চলতি আসরে একবারও হাসেনি তার ব্যাট। আর তাতেই হতাশা প্রকাশ করেছেন দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তিনি। সেখানে ইমরুলের নাম না নিয়েই তিনি হতাশা প্রকাশ করেন। এমনকি স্থানীয় ক্রিকেটারদের ক্রিকেট জ্ঞানেও ঘাটতি দেখছেন তিনি।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে কি আক্রমণাত্মক ক্রিকেট ভয় কাজ করে? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘ফিয়ার অব ক্রিকেটের চেয়ে আমার মনে হয় তাদের ক্রিকেট জ্ঞানে ঘাটতি আছে। যে আসলে সিম্পল জিনিস তারা বুঝে উঠতে পারে না, কোন বোলারকে কিভাবে খেলতে হবে, কোন ব্যাটসম্যানকে কোন জায়গায় বল ছাড়তে হবে। এসব বিষয় তারা যদি না বুঝে, তাহলে এটা তারা কবে শিখবে!’
স্থানীয়দের মধ্যে বিশেষায়িত কোনো ক্রিকেটার নেই উল্লেখ করে সাকিব-তামিমদের গুরু বলেছেন, ‘বাংলাদেশে বিশেষ করে টি-টোয়েন্টিতে আমাদের খুব ডিপেন্ডেবল ক্রিকেটার আছে বলে আমি মনে করি না। সবাই খুব ভালো খেলোয়াড়। যেদিন প্রশ্ন কমন পড়ে খুব ভালো খেলে, না পড়লে ঐদিন হতাশ করে। আমার দলে যারা খেলছে তাদের প্রত্যেকের একটা রুল আছে। সবাই সবার দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করলেই আমি খুশি।’