কুড়িগ্রাম সমবায় মার্কেটের এক দোকানে হামলা, লুটপাট ও মারধরের অভিযোগে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে কুড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতি।
গতকাল শনিবার দুপুরের দিকে বাজারের ভেতরে মানববন্ধনের পর দাদামোড়ের কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। এ সময় দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, ব্যবসায়ী জালাল হোসেন লাইজু, মাসুম, ফিরোজ প্রমুখ।
বক্তারা বলেন, গত শুক্রবার বিকেলে আকাশ আহম্মেদ (২৮) নামে এক ক্রেতা পান সিগারেটের দোকানে ৫শ’ টাকা দিয়ে ভাঙতি না পেয়ে সেই দোকানিকে মারধর করেন। এ সময় ফিরোজ টেলিকমের ব্যবসায়ী সাদ্দাম প্রতিবাদ করেন। এর কিছুক্ষণ পর আকাশ ১৫-২০ জনের একটি দল নিয়ে এসে ফিরোজ টেলিকমে হামলা চালান। তারা দোকানের দুই কর্মীকে মারধর এবং ৮টি মোবাইল ও ১০ হাজার টাকা নিয়ে চলে যান।
হামলার ঘটনায় সাদ্দামের বড় ভাই ফিরোজ আহম্মেদ বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় আকাশ আহম্মেদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনের নামে একটি এজাহার দিয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।