একটা ভালো বই বদলে দিতে পারে একটা জীবন। যদি সে বই নতুন চিন্তার জন্ম দেয়। কবি, কথাকার ও সাংবাদিক শাহনাজ মুন্নী লিখছেন দীর্ঘদিন ধরে। জীবনের প্রথম পাওয়া সাহিত্য পুরস্কার হিসেবে পেয়েছেন অনন্যা সাহিত্য পুরস্কার। পুরস্কার প্রাপ্তির অভিনন্দন জানিয়ে তার কাছে জিজ্ঞাসা ছিল, কাদের জন্য লেখেন? শাহনাজ মুন্নী বললেন, মানুষের জন্য লিখি তারপর লিখি সেই মানুষের জন্য যারা অক্ষরজ্ঞানসম্পন্ন,অক্ষরজ্ঞান থাকলেই তো আবার হয় না, বোধ থাকতে হয়, বোধ যাদের আছে, চিন্তা করতে পারে এবং পড়ার অভ্যাস আছে, তাদের জন্য লিখি। এ সবকিছুর পর এবং আগেও, লিখি নিজের জন্য।
শাহনাজ মুন্নী একাধারে সাংবাদিকতায়, সাহিত্যে এবং কবিতায় দ্যুতি ছড়াচ্ছেন। তারই স্বীকৃতি অনন্যা সাহিত্য পুরস্কার। পুরস্কার পেয়ে কেমন লাগছে জানতে চাইলে বললেন, পুরস্কারের প্রত্যাশা নিয়ে যেহেতু লিখিনি, পেয়েও তেমন বিশেষ কিছু লাগছে না, তবে পুরস্কার উপলক্ষে মা এসেছেন, পরিবারের মানুষেরা এসেছেন, সে এক দারুণ প্রাপ্তি, ভালো লাগছে।
বই নিয়ে পাঠকের আগ্রহের বিষয়ে শাহনাজ মুন্নী বললেন, বইমেলা আমাদের একটি বড় উৎসবে পরিণত হয়েছে। মানুষ বই কিনছে। তবে বই পড়ার অভ্যাস কেড়ে নিয়েছে স্মার্ট ফোন। সেখান থেকে বেরিয়ে আসা দরকার। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে বইমুখী করা জরুরি। আমি তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেও লিখি।
প্রকাশকরা বলছেন ছুটির দিনে এত এত মানুষের সমাগম, সবাই একটি করে বই কিনলেও তো মেলার কোনো স্টলে বই থাকত না। শাহনাজ মুন্নী মনে করেন, সব পাঠকের মেলায় যে তিনি এসেছেন সেই স্মারক হিসেবেও অন্তত একটি বই কিনে বাড়ি ফেরা দরকার। শুধুমাত্র ঘোরাঘুরি নয়, মেলা হবে চিন্তা বিনিময়ের একটি জায়গা এমন আশাবাদ যত্নে পুষে রাখেন এই লেখক।