ঢাকায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠক আজ

প্রথম বিদেশ সফরে ঢাকা এসেছেন মালয়েশিয়ার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। গতকাল শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের দায়িত্বশীল প্রতিনিধি ও ঢাকায় মালয়েশিয়া হাইকমিশন।

দুই দিনের এ সফরে আজ রবিবার মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মধ্য দিয়ে চলমান শ্রমবাজার সংকট সমাধানসহ অবৈধদের বৈধতায় বড় সুযোগ হিসেবেই দেখছেন সরকারের সংশ্লিষ্ট অংশীজনরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র বলছে, বৈঠকে অবৈধ বাংলাদেশিদের বৈধতার পাশাপাশি চলমান সংকট নিরসনে গুরুত্ব দেবেন তারা।