নগরীর কাজির দেউড়ি এলাকার নাসিমন ভবনের সামনের সড়কে সমাবেশ মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
১০ দফা দাবি আদায়ে সারাদেশে বিভাগীয় শহরে সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও সমাবেশ হয়। ওই সমাবেশে দুপক্ষ লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতারা দুপক্ষকে সরিয়ে দিলেও কিছুক্ষণ পর আবারো মারামারিতে লিপ্ত হয় তারা। এতে কয়েকজন আহত হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচির কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণ আমাদের সঙ্গে আছে। এর মাধ্যমে আন্দোলন আরও বেগবান হবে এবং আন্দোলনের মুখে সরকারের পতন হবে।’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘চট্টগ্রাম আন্দোলন-সংগ্রামের পূণ্যভূমি। শহীদ জিয়া এখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এখানেই তিনি শাহাদাতবরণ করেছেন।
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য আমরা লড়াই করছি।’
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।