খেজুরের রসে বাদুড়ের শুধু মুখ নয় ইউরিন থেকেও নিপাহ সংক্রমিত হয়

খেজুরের রসে শুধু বাদুড় মুখ দিলেই নিপাহ ভাইরাস হয় না, বাদুড়ের ইউরিন থেকেও নিপাহ ভাইরাস সংক্রমিত হয়ে থাকে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।

তিনি বলেছেন, অনেকেই বলেন, আমরা সাবধানতা অবলম্বন করে রস সংগ্রহ করছি। এটা আসলে ভুল। আপনি যতই জাল দিয়ে ঢেকে রাখেন, এতে আক্রান্তের সম্ভাবনা থেকে যায়। কারণ শুধু রসে বাদুড় মুখ দিলেই নিপাহ ভাইরাস হয় না, বাদুড়ের ইউরিন থেকেও নিপাহ ভাইরাস সংক্রমিত হয়ে থাকে।

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

ডা. তাহমিনা শিরিন বলেন, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ যদি বেঁচেও যান তাহলে তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। এ ক্ষেত্রে আমরা যদি শুধু খেজুরের রস খাওয়াটা বন্ধ করে দিতে পারি তাহলে আর কোনো সমস্যা হবে না।

ভাইরাসটিতে এখন পর্যন্ত ১০ জন শনাক্ত হয়েছে, এর মধ্যে ৭ জন মারা গেছেন বলেও তিনি জানান।