কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে ফেরার পথে বর যাত্রীর সঙ্গে বাজি ধরে নদ সাঁতরে পার হওয়ার সময় বাবুল মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিখোঁজ বাবুল মিয়া উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসেম আলীর সঙ্গে তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলী মেয়ের বিয়ে হয়। রোববার রাত সাড়ে ১১টার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকাযোগে দুধকুমর নদ পারি দেওয়ার সময় বাজি ধরে বরের ফুফাত ভাই বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদে ঝাপ দেয় সে। কিছুদূর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে পানিতে তলিয়ে যায় বাবুল। রাত থেকে আজ (সোমবার) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নদের বিভিন্ন জায়গায় খোঁজে বাবুল মিয়ার কোন সন্ধান মেলেনি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।