ওএমএস এর লাইনে মানুষের ভিড়

'যে টাকা আয় করি তাতে তো সংসার চলে না, খেয়ে না-খেয়ে সংসার চালাতে হচ্ছে' বলে জানান রাজধানীর পান্থপথ এলাকার কাঠালবাগান ঢাল এর বাসিন্দা আজমীরা খাতুন। ফলে কম টাকায় চাল ও আটা কিনতে এসেছেন তিনি। ব্যাচেলরদের বাসায় রান্নার কাজ করে যে টাকা আয় করেন তা দিয়ে স্বামীহারা আজমীরা ছেলে-মেয়ে নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
সোমবার দুপুর ১২টায় ওএমএসের চাল ও আটা কিনতে আজমীরার মতো জড়ো হয়েছেন আরও দেড়শতাধিক নারী-পুরুষ। সবাই খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওপেন মার্কেট সেলের (ওএমএস) ট্রাকের পেছনে দাঁড়িয়ে আছেন। ওএমএসের চাল ও আটা কিনতে রাজধানীর বাংলামোটর এলাকায় মানুষের এ ভিড় চোখে পড়ল।
ওএমএসের ট্রাকে করে নিম্ন আয়ের মানুষদের প্রতিকেজি চাল ৩০ টাকা ও খোলা আটা ২৪ টাকা দামে বিক্রি করছে। ট্রাক থেকে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি চাল কিংবা আটা কিনতে পারবেন। এই ট্রাকে বিক্রির জন্য আজকের বরাদ্দ ২০০০ কেজি চাল ও ১০০০ কেজি আটা।
ট্রাক থেকে চাল কেনেন রিকশাচালক আব্দুল মোমেন। তার সাথে কথা বলে জানা যায়, বাজারে প্রতিকেজি চাল ৫০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। কম দামে চাল কেনার আশায় রিকশা বন্ধ রেখে লাইনে দাঁড়িয়েছেন তিনি। দেশ রূপান্তরের সাথে আলাপকালে তিনি জানান, রিকশা চালিয়ে যে টাকা পাই, মালিকের জমা দিয়ে যা থাকে তা দিয়ে সংসার চলে না। দুই ছেলে-মেয়ের পড়ালেখার খরচ, টিফিন খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকি। বাজারে সবকিছুর দাম বাড়লেও রিকশার ভাড়া বাড়েনি।