ভুটানকে হারিয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ

লিগপর্বের বড় দুই পরীক্ষা উতরে যাওয়ার পর এবার বাংলাদেশের সামনে দুর্বল ভুটান। আজ এই ম্যাচে জিতলেই সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হবে স্বাগতিক। আবার ড্র হলেও ৯ ফেব্রুয়ারি ফাইনালের মঞ্চে পা রাখবে গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা। তবে ড্র নয়, জিতেই ফাইনালে যাওয়ার লক্ষ্যের কথা শুনিয়েছেন বাংলাদেশ কোচ।

পয়েন্ট টেবিলে এখন বাংলাদেশ দ্বিতীয় স্থানে। শীর্ষে ভারত। তিনে নেপাল। ভুটান বাদে তিন দলেরই আছে ফাইনালে যাওয়ার সুযোগ। পয়েন্ট যাই হোক, ফাইনালে যাওয়ার পথটা আজ অপর ম্যাচে মুখোমুখি হতে যাওয়া ভারত ও নেপালের তুলনায় মসৃন বাংলাদেশের জন্য। ছোটনও মানছেন তা।

তবে ভুটানকে কোনোভাবেই খাটো করে দেখার পাত্র নন তিনি, ‘যদিও ভূটান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, দুই ম্যাচে অনেক গোল (১৬টি) খেয়েছে, তবে ওদেরকে আমরা হালকাভাবে নিচ্ছি না। ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে। তাই এ ম্যাচটিও আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি।’

লিগপর্বের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েই অনেকটা এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে ১-১ ড্র করে তারা। আজ তাই এক পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল।

ছোটন বলেন, ‘শুরুতেই আমরা দুটি কঠিন ম্যাচ (নেপাল ও ভারত) খেলে ফেলেছি। যদিও ভূটানের বিপক্ষে ১ পয়েন্ট পেলে আমরা ফাইনালে উঠব, কিন্তু আমরা চাই এ ম্যাচ জিততে। গত দুই ম্যাচে মেয়েরা ভালো পারফর্ম করেছে। এবার চাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে ওঠা।’

লিগপর্বের অন্য ম্যাচে নেপালের সঙ্গে ড্র করলেই ফাইনাল নিশ্চিত হবে ভারতের। আর নেপালকে টিকে থাকতে জিততেই হবে।