ঢাকার সব ফ্লাইওভারে থাকা পোস্টার ও দেয়াল লিখন অপসারণের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে অপসারণের পাশাপাশি দেয়াল লিখন ও পোস্টার লাগানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ফ্লাইওভারের দেয়ালে দেয়াল লিখন ও পোস্টার লাগানো বন্ধে প্রতিটি ফ্লাইওভারের জন্য একটি করে তদারকি কমিটি গঠন করতে বলেছে হাইকোর্ট।
এদিকে দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ এর ৬ ধারা অনুযায়ী ফ্লাইওভারে দেয়াল লিখন ও পোস্টার লাগানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এসব বন্ধে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুল দিয়েছে হাইকোর্ট। স্থানীয় সরকার সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী, রাজউক চেয়ারম্যান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, ডিএমপি কমিশনার এবং ঢাকার জেলা প্রশাসকসহ নয়জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।