কুমিল্লার চৌদ্দগ্রামে সহাসড়কের পাশ থেকে এক প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মীর হোসেন (৫০)। গতকাল সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোল মানিক্য দীঘির দক্ষিণ পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের পূর্বপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।
মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মো. কাউসার মিয়া বলেন, ‘মহাসড়কের বাতিসা এলাকা থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার একটি পা ভাঙাসহ মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রবিবার রাতে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। সুরতহাল ও পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
ছোট ভাই মোহাম্মদ হোসেন বলেন, ‘আমার বড় ভাই মীর হোসেন গত শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে যান। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেছি। মাঝেমধ্যেই তিনি বাড়ি থেকে এভাবে বের হয়ে আবার নিজে নিজে ফিরে আসতেন। তবে এবার ফিরে না আসায় আমরা ফেইসবুকে ছবি দিয়ে প্রচার চালিয়েছি। গতকাল সকালে পুলিশ মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করেছে শুনে ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করি।’