মোংলায় হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে চোরা শিকারিদের হামলায় আহত হয়েছেন বন বিভাগের স্টেশন অফিসারসহ চার সদস্য। গতকাল সন্ধ্যায় সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী-বাঁশতলা এলাকায় ইসহাকের চিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ইসহাকের চিলা নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সময় চোরা হরিণ শিকারিদের একটি নৌকা আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২টি পাসহ ২০ কেজি হরিণের মাংস, ২ হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, ১টি দা ও ১টি ছুরি জব্দ করা হয়। পরে চোরা শিকারিদের আটক করতে গেলে তারা নৌকার বৈঠা দিয়ে আঘাত করে বন কর্মকর্তা শাহজাহানসহ তার সঙ্গে থাকা অপর তিন বনপ্রহরীকে পিটিয়ে পালিয়ে যায়।
জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান গতকাল সোমবার দুপুরে বলেন, এ ঘটনায় সি-বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।