না.গঞ্জে রেস্তোরাঁর গুলিবিদ্ধ ম্যানেজারের মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শপিং কমপ্লেক্সের মালিকের গুলিতে আহত রেস্তোরাঁর ম্যানেজার শফিফুর রহমান ওরফে কাজল মারা গেছেন। গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

পুলিশ জানিয়েছে, গত রবিবার রাতে বিদ্যুতের বিলের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চাষাঢ়ার আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আজহার তালুকদার ‘সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজার শফিফুর রহমানের ওপর গুলি চালান। ওই রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শফিফুর রহমান বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার শাহ্ আলম মিয়ার ছেলে। এ ঘটনায় শপিং কমপ্লেক্সের মালিকের বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা করেছেন রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী। গত রবিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তিনি মামলাটি করেন। মামলায় আসামি করা হয়েছে আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদারকে। তাদের গ্রেপ্তার করা হয়েছে।