তুরস্ক আর সিরিয়া তখনও ভোররাত। দুই দেশের সীমান্তবর্তী এলাকা ঘুমের দেশে আচ্ছন্ন। ঠিক তখই স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পটি হয়। যাতে মৃত মানুষের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। সংখ্যাটা ১০ হাজার ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এখনও কেঁপে উঠছে বেশ কয়েকটি এলাকা। এ অবস্থার মধ্যেই চলছে উদ্ধারকাজ।
ভয়াবহ এই ভূমিকম্পে আহত হয়েছেন বহু মানুষ। এ ছাড়া নিখোঁজ অনেকে। আহত ব্যক্তিদের তালিকায় আছেন চেলসি ও নিউক্যাসল ইউনাইটেডের সাবেক ফুটবলার ক্রিস্তিয়ান আতসুও। ঘানার এই উইঙ্গার বর্তমানে খেলছেন তুরস্কের ক্লাব হাতাইস্পোরে। পরশু রাতেই ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে জিতিয়েছেন আতসু। সেই মানুষটিই ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
হাতাইস্পোরের সহসভাপতি দিয়েছেন অন্য খবর। তুর্কি সাংবাদিক ইয়াগিজ সাবুনচোগলুকে তিনি জানিয়েছেন, আতসুকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শুধু আতসুই নন; ক্লাবের ক্রীড়া পরিচালক তানের সাভুতও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
যদিও পর্তুগিজ দৈনিক ‘এ বোলা’র তাদের এক প্রতিবেদনে বলেছে, আতসুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ও তাঁকে খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হাতাইয়ের আন্তাকিয়া এলাকার বহুতল একটি হোটেলে ছিলেন ৩১ বছর বয়সী আতসু। ভূমিকম্পে ভবন পুরোপুরি বিধ্বস্ত হলে তার নিচে চাপা পড়েন এ ফুটবলার। তাকে উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি হাত পায়ে চোট পেয়েছেন। নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে।
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত চেলসিতে খেলেছেন আতসু। ইংলিশ ফুটবলে ২০২১ সালে সর্বশেষ খেলেছেন নিউক্যাসলে। মাঝে এক মৌসুমে তাঁকে দেখা গেছে এভারটনের জার্সিতে। ঘানার হয়ে ৬৫ ম্যাচ খেলা এ উইঙ্গার ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপেও খেলেছেন। পরের বছর আফ্রিকান নেশনস কাপে হয়েছেন সেরা খেলোয়াড়। সৌদি আরবেও পা পড়েছে আতসুর। এক মৌসুম খেলেছেন আল রায়েদের হয়ে। গত বছর আল রায়েদ ছেড়ে যোগ দিয়েছেন তুরস্কের হাতাইস্পোরে।