অমর একুশে বইমেলায় ‘আদর্শ প্রকাশনী’কে স্টল বরাদ্দ না দেওয়ার বৈধতা নিয়ে করা রিট আবেদনের ওপর আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য করেছে উচ্চ আদালত। একই সঙ্গে ওই প্রকাশনীর যে তিনটি বই নিয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে, সে বইগুলো আদালতে জমা দেওয়া এবং এগুলো বিক্রি না করার অঙ্গীকারনামা দিতে হবে বলে মৌখিক আদেশ দিয়েছে হাইকোর্ট।
রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করে। আদালতে প্রকাশনীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘যে বইগুলো নিয়ে বাংলা একাডেমির আপত্তি, সেগুলো হাইকোর্টে জমা দিতে হবে এমন আদেশের পর আজ (গতকাল) বিকেলেই বইগুলো জমা দেওয়া হয়েছে। এগুলো বিক্রি করা যাবে না এমন অঙ্গীকারনামা দিতে হবে আদর্শকে। রিট আবেদনের বিষয়ে আগামীকাল (আজ) আদেশ দেওয়া হবে।’