রেস্টুরেন্টে গুলি করে হত্যা, বাবা ছেলে রিমান্ডে

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্ট ম্যানেজার গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় মো. আজাহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে আসামিদের হাজির করে তিনদিনের রিমান্ডের আবেদন করলে এই রিমান্ড মঞ্জুর করে আদালত।

একই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালতে ৩০২ ও ৩৪ ধারা সংযুক্ত করে হত্যা মামলার জন্য তদন্তকারী কর্মকর্তা আবেদন করলে আদালতে তা মঞ্জুর করে।

এদিকে গতকাল বিকেলে সুলতান ভাই কাচ্চি রেস্টুরেন্টের ম্যানেজার কাজল হত্যার প্রতিবাদে চাষাঢ়া আঙ্গুরা শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন নিহতের স্বজনরা। এ সময় তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।