এনকুকু বললেন অবশেষে ফিরলাম

কাতার বিশ্বকাপের ঠিক আগে হাঁটুর ইনজুরিতে পড়েন আরবি লিপজিগ ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন ফ্রান্সের হয়ে ৮ ম্যাচ খেলা এই ফুটবলার।

টুইটারে পোস্ট করা ক্লাবের এক ভিডিওতে দেখা গেছে প্রচণ্ড ঠান্ডার মধ্যে এনকুকু অনুশীলনে ব্যস্ত রয়েছেন। এসময় তিনি ক্যামেরার সামনে এসে বলেছেন, ‘অবশেষে ফিরলাম।’

ইনজুরির পর প্রথমবারের মত দলের অন্যদের সাথে কয়েকটি সেশনে অংশ নিয়েছেন লিপজিগের সর্বোচ্চ গোলদাতা। ওয়ার্ম-আপের পাশাপাশি হালকা কিছু স্ট্রেচিং করলেও পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি তিনি।

আগামী ২২ ফেব্রুয়ারি ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যাচ খেলবে লিপজিগ। সেই ম্যাচের আগে এনকুকুর দলে ফেরা নিঃসন্দেহে সকলকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

বিশ্বকাপের প্রস্তুতির সময় এনকুকু হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন। নভেম্বর থেকে কার্যত তিনি মাঠের বাইরে রয়েছেন।

এখনো পর্যন্ত ১২ গোল করে বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন এনকুকু।