এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজনও পাস করেননি, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৫০-এ। গত বছর ছিল মাত্র ৫টি।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, গত বছর মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছিল সংক্ষিপ্তভাবে। তখন বেশির ভাগই ভালো করেছিলেন। সে জন্য পাসের হারও ছিল প্রায় ৯৫ শতাংশ। এবার ১২টি পত্রে পরীক্ষা হয়েছে, তাতে সবাই তত ভালো করতে পারেননি। সে জন্য শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।
এবার ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষা দিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।