ক্যান্সার আক্রান্ত ছেলে ও বাবাকে পিটিয়ে ছাত্রলীগ নেতার ছিনতাই

একের পর এক ছিনতাই ও চুরির ঘটনা ঘটেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে। এবার ক্যান্সার আক্রান্ত ছেলে ও বাবাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ঢাবি ছাত্রলীগের একদল নেতা-কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহীদুল্লাহ হলের মূল ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহবাগ থানায় ঢাবি ছাত্রলীগের উপ-মানবসম্পদ উন্নয়ন সম্পাদক নাজমুল হাসান রুপু, ফজলুল হক শাখা ছাত্রলীগের কর্মী মো. তারেকসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন ভুক্তভোগী সেলিম মোল্লা। অভিযুক্তদের সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল করিম শয়নের অনুসারী হিসেবে পরিচিত।


অভিযোগপত্রে ভুক্তভোগী উল্লেখ করেন , স্ত্রী খাদিজা আক্তার এবং ক্যানসারের রোগী ছেলে রুবায়েত হাসানকে নিয়ে আমার প্রাইভেটকারে করে নিজ বাড়ীতে যাচ্ছিলাম। শহীদুল্যাহ হলের পাশে পৌঁছার পর গাড়িটি ব্রেক ফেল করায় আমি রাস্তার পাশের আইল্যান্ডে আলতোভাবে ধাক্কা লাগিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ করি। এ সময় শহীদুল্ল্যাহ হলের একদল শিক্ষার্থী গাড়িসহ আমাদের আটকে রেখে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মেরে মারাত্মকভাবে জখম করে। গাড়িসহ আমাদের আটক করে এবং গাড়ি থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে আঘাত করে এবং কিল ঘুষি মেরে মারাত্মকভাবে জখম করে। ১নং আসামী আমাকে হত্যার উদ্দেশ্যে গলা চিপে ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা করে।

সেলিম মোল্লা বলেন, ‘তারা আমার কাছ থেকে মোট ৩২০০০ টাকা নিয়ে যায়। এমনকি এই বিষয়ে মামলা করলে হত্যার হুমকি প্রদান করে।’

অভিযোগ অস্বীকার করে নাজমুল হাসান রুপু বলেন, "আমরা কেন টাকা ছিনতাই করতে যাব। তার গাড়ি দুটি রিক্সাকে মেরে দেয়৷ রিক্সাতে থাকা যাত্রীদের মধ্যে একজনের মাথা ফেটে যায়৷ দুটি রিক্সা ক্ষতিগ্রস্ত হয়৷ পরে আহত ব্যক্তিকে আমরা মেডিক্যালে নেই। তার কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা করি৷"

সভাপতি মাজহারুল করিম শয়ন বলেন, নাজমুল হাসান রুপুকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। অনেকেই ছবি তুলে আমার সাথে। তাই বলে প্রত্যেকেই আমার অনুসারী না।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি(তদন্ত) মাহফুজুর রহমান ভুঁইয়া বলেন, "আমরা অভিযোগপত্র পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনের উর্ধ্বে কেউ নয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ওসির সাথে কথা বলার পর আমরা এ ঘটনায় মামলা নিব।"