আরও একটি সাফ নারী চ্যাম্পিয়নশিপ। আরেকটি ফাইনাল। ফের নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবার প্রস্তুত সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল মঞ্চ। কমলাপুর স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ছয়টায় ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।
গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত জাতীয় ও বয়সভিত্তিক সাফ মিলিয়ে তিনবার নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন সাবিনা খাতুনরা। নভেম্বরে ঢাকায় অনূর্ধ্ব-১৫ সাফে রাউন্ড রবিন লিগের টুর্নামেন্টে জিতলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণের ম্যাচে সেদিন বাংলাদেশ ড্র করায় ট্রফি গিয়েছিল নেপালে। তবে এবার ঘরের মাঠে ট্রফিটা রেখে দিতে চান শামসুন্নাহাররা।
গ্রুপ পর্বের মতো ফাইনালেও নেপালকে হারানোর আশা বাংলাদেশ কোচ গোলাম রব্বানীর, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। মেয়েরা সেটা পূরণ করেছে। আমরা গ্রুপ সেরা হয়ে ফাইনালে উঠেছি। এখন শুধু আরেকটা ম্যাচ বাকি আছে। মেয়েরা গত কয়েক দিন কমলাপুরে যে ফুটবল উপহার দিয়েছে, ফাইনালে সেটিই উপহার দেবে। আশা করি, আমরাই এবার চ্যাম্পিয়ন হব।’
ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার। টুর্নামেন্টে ৪ গোল করে নেপালের আমিশা কারকির সঙ্গে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন এগিয়ে। আগামীকালও গোল করতে চান শামসুন্নাহার।
তবে দলের প্রয়োজনে গোল করানোটাই জরুরি বলে মানলেন তিনি, ‘আমি আগে চেষ্টা করব দলকে জেতাতে। আমার বেলায় গোলের সুযোগ যদি ৫০ শতাংশ থাকে কিন্তু অন্যের যদি ৭০ শতাংশ থাকে, তাহলে আমি তাকেই পাস দেব।’