সপ্তাহান্তে ফের চালু হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

কয়লা সংকটে গত ১৪ জানুয়ারি বন্ধ হয়ে যাওয়া রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি সপ্তাহখানেক পর ফের চালু হতে যাচ্ছে। গতকাল বুধবার বিকেল ৫টায় মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে প্ল্যানটির কয়লা নিয়ে আসা বিদেশি জাহাজ এমভি স্পাইনেল। জাহাজটিতে ইন্দোনেশিয়া থেকে এসেছে ৩৩ হাজার টন কয়লা। ১৬ ফেব্রুয়ারি ৫১ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসার শিডিউল রয়েছে আরও একটি বিদেশি জাহাজের।

এমভি স্পাইনেলের স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের’ খুলনার ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার টন জ্বালানি কয়লা নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এমভি স্পাইনেল গতকাল বিকেল ৫টায় মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে। রাত থেকেই এ কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হবে। এরপর বিদেশি ওই জাহাজ থেকে খালাস হওয়া কয়লা লাইটারেজে (কার্গো-কোস্টার) করে নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে।

তিনি আরও বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫১ হাজার টন কয়লা নিয়ে ১৬ ফেব্রুয়ারি মোংলা বন্দরে ভিড়বে আরও একটি জাহাজ। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সব জ্বালানি কয়লাই আসবে ইন্দোনেশিয়া থেকে।

রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম জানান, কয়লার সংকটে গত ১৪ জানুয়ারির প্ল্যান্টটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

বন্ধ থাকার মধ্যেই বুধবার ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে। এখন সেখান থেকে লাইটারেজ করে কয়লা আনা হবে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা যাবে কয়লার গোডাউনে। মজুদ গোডাউন থেকে কয়লা নিয়ে জ¦ালানির ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করা হবে। যদিও এ প্রক্রিয়াও সময়সাপেক্ষ। এসব প্রক্রিয়া শেষে সপ্তাহখানেক পর পুনরায় উৎপাদনে যেতে সক্ষম হবে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র।