তিনটি বই প্রদর্শন ও বিক্রি না করার শর্তে অমর একুশে গ্রন্থ মেলায় আদর্শ প্রকাশনীকে অবিলম্বে প্যাভিলিয়ন বরাদ্দ দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ বিষয়ে অঙ্গীকারনামা দেওয়ার পর গতকাল বুধবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
বাংলা একাডেমির মহাপরিচালক, সভাপতি ও বইমেলা পরিচালনা কমিটিকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রুলে বই মেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চেয়েছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক, সভাপতি ও মেলা পরিচালনা কমিটিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্দ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন এর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান। গত মঙ্গলবার শুনানিকালে আদর্শ প্রকাশনীকে তিনটি বই বিক্রি ও প্রদর্শন করবে না মর্মে অঙ্গীকারনামা দিতে এবং বই তিনটি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
ব্যারিস্টার অনিক আর হক দেশ রূপান্তরকে বলেন, আদর্শ থেকে প্রকাশ হওয়া ফাহাম আব্দুস সালামের লেখা ‘মিডিয়োক্রিটির সন্ধানে’ বইটি নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানায় বাংলা একাডেমি। এ ছাড়া ফয়েজ আহমদ তৈয়্যবের ‘অপ্রতিরোধ্য উন্নয়নের অভাবনীয় কথামালা’ ও জিয়া হাসানের ‘উন্নয়ন বিভ্রম’ শীর্ষক দুটি বইয়ের ব্যাপারে আপত্তি উঠে।