‘শিগগিরই খালেদা জিয়াকে মুক্ত করা হবে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পঞ্চম কারাবরণ বার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে বিবৃতি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সরকার ভয় পায়। এ জন্যই তার ওপর এত জুলুম-নির্যাতন নেমে এসেছে। তিনি বাংলাদেশের মানুষের সাহসের বাতিঘর। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ঐক্যের প্রতীক। গণআন্দোলন সফল করে তার স্বপ্নপূরণ করা হবে। গতকাল বুধবার বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ২০১৮ সালের এই দিনে প্রতিহিংসাপরায়ণ আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশে মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে পাঠায়। তাকে শুধু আটক রাখা হয়নি, তার প্রাপ্য জামিনের অধিকার কেড়ে নিয়ে ২৫ মাস অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রেখেছিল। কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হলে শর্তসাপেক্ষে সরকার তার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে গৃহবন্দি করে রেখেছে। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর সুপারিশ করলেও, সরকার তাকে বিদেশে যেতে দেয়নি।

বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণের কাছে খালেদা জিয়া ও গণতন্ত্র সমার্থক। বেগম খালেদা জিয়ার মুক্তি হলে গণতন্ত্রের মুক্তি হবে। তাই জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবতীর্ণ। এর অংশ হিসেবে ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে ১০ দফা দাবি ঘোষণা করা হয়েছে, যা জনগণের ব্যাপক সমর্থন লাভ করেছে।