পিছিয়ে পড়েও লিডসের বিপক্ষে ড্র ইউনাইটেডের

নিজেদের সামান্য ভুলের জন্য বড়সড় খেসারত দিতে হল ম্যানচেস্টার ইউনাইটেডকে। প্রিমিয়ার লিগে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ লিডস ইউনাইটেডের বিপক্ষে আটকে গেল দলটি।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াই শেষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

প্রিমিয়ার লিগে অঘটনের ম্যাচগুলোর মধ্যে এটিও অন্যতম বললে ভুল হবে না।

উইলফ্রেদ নিয়ন্তো লিডসকে এগিয়ে নেওয়ার পর রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে বাড়ে ব্যবধান। এরপর মার্কাস রাশফোর্ড ব্যবধান কমানোর পর সমতা টানেন জেডেন স্যানচো।

এদিন ম্যাচের একবারে শুরুতেই গোল হজম করে ম্যান ইউ। উইলফ্রেড গন্তোর গোলে এগিয়ে যায় লিডস। খেলা শুরু হওয়ার ১ মিনিটের মাথায় গোল করেন তিনি।

এত তাড়াতাড়ি বিপক্ষের কাছে গোল হজম করতে হবে, তা একেবারেই বুঝে উঠতে পারেনি টেন হাগের দল।

ম্যাচের একেবারে শুরুতে গোল হজম করায় ছন্দ প্রথম থেকেই হারায় ম্যান ইউ। ফলে ম্যাচের মধ্যে ফিরতে বেশ কিছুটা দেরি হয়।

প্রথমার্ধে বেশ কিছুটা চাপেই থাকে রাশফোর্ডরা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লিডস। দ্বিতীয়ার্ধে নিজেদের খেলার গতি বাড়ায় ইউনাইটেড। কিন্তু সেখানের বড়সড় ভুল করে বসেন রাফায়েল ভারানে। ৪৮ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে ব্যবধান বাড়িয়ে দেন তিনি।

দুই গোলে এগিয়ে যাওয়ায় জয়ের গন্ধ পেতে শুরু করে লিডস ইউনাইটেড। এরপরই নিজেদের আসল খেলা শুরু করে ইউনাইটেড। ৬২ মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান রাশফোর্ড। আর ৭০তম মিনিটের মাথায় স্যানচো গোল করে সমতা ফেরান।

এরপর দুই দল আর কোনো গোল পায়নি। এদিনের ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উনাইটেড। অন্যদিকে লিডস ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আছে ১৬ নম্বরে।