বাংলাদেশ থেকে ভয়াবহ ভূমিকম্পে পর্যুদস্ত তুরস্ক শীতের কাপড়, ওষুধ ও শুকনো খাবার সহায়তা চেয়েছে। তবে দেশটি নগদ কোনো অর্থ সহায়তা নেবে না।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান তাঁর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।
রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, আমরা বাংলাদেশ থেকে সহায়তা সামগ্রী নিতে চাই। আমাদেরকে শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি-টিকা অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।
মুস্তাফা ওসমান তুরান বলেন, তুরস্কের ১০টি প্রদেশে ভূমিকম্প হয়েছে। ওই ভূমিকম্পে বাংলাদেশ সরকার খুব দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ জাতীয় পতাকা অর্ধনমিত রেখেছে। এতে আমরা চির কৃতজ্ঞ।