তেল চিনি ডাল জব্দ

টিসিবির পণ্য মজুদ করে বিক্রির সময় গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ রেখে বিক্রিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ডাল, তেল ও চিনি জব্দ করা হয়। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার শিমুলিয়া এলাকার হাবিবুর রহমান, রঘুরামপুর এলাকার ইমরান, পিতলগঞ্জ এলাকার সাইফুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আহাম্মদ আলী।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, টিসিবির পণ্য মজুদ করে বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে কাঞ্চন বাজার এলাকার দিকে যাচ্ছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ রাত সাড়ে ১১টার দিকে কাঞ্চন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ১৩৪ বস্তা মসুর ডাল, ২২ বস্তা চিনি ও ১৬৭ কার্টন সয়াবিন তেল। এ ঘটনায় ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।