কর্মসূচি এলেই শুরু হয় গ্রেপ্তার হয়রানি : প্রিন্স

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করে বলেছেন, আগামীকাল শনিবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালিত হবে। কর্মসূচিকে সামনে রাজধানী ঢাকাসহ সারা দেশে দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হয়রানির পাশাপাশি চলে বাণিজ্য।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

প্রিন্স বলেন, ‘১০ দফা এবং জনগণের জীবন-জীবিকার বিভিন্ন সমস্যা ও সরকারের দুর্নীতি, লুটপাট, জনদুর্ভোগের বিরুদ্ধে গড়ে ওঠা গণআন্দোলন নস্যাৎ করতে ব্যর্থ, অযোগ্য সরকার দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে। নেতাকর্মীদেও গ্রেপ্তার, হয়রানি করে কর্মসূচি বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে। শুধু তাই নয়, বিএনপি কর্মসূচি ঘোষণা করলে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টির উসকানি দিচ্ছে।’

তিনি বলেন, ‘গত বুধবার রাত দেড়টায় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন কোনো মামলাও নেই। পুরাতন সব মামলায় তার জামিন রয়েছে। কোনো কারণ ছাড়াই সপুকে গ্রেপ্তার চলমান আন্দোলনে নেতাকর্মীদের ভীত করার সরকারি অপকৌশল মাত্র।