কুমিল্লা না রংপুর, কে হচ্ছে সিলেটের প্রতিপক্ষ!

এ লড়াইয়ে থাকার কথা ছিল ফরচুন বরিশালের। কিছু ম্যাচ আগেও তারা সাত দলের মাঝে ছিল দ্বিতীয়। অথচ গত ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে ক্ষতিটা হয়েছে বরিশালের। ওই দুই পয়েন্টে এখন শীর্ষ দুইয়ের লড়াইয়ে বেশ ভালোভাবেই আছে কুমিল্লা।

রংপুর রাইডার্সের বিপক্ষে কোয়ালিফায়ার ১-এ ওঠার লড়াই আজ বর্তমান চ্যাম্পিয়নদের। দুপুর ২টায় শুরু এ ম্যাচ হারলে এলিমিনেটরে চলে যেতে হবে, তখন ওই ম্যাচে হারলে বিদায় আর জিতলেও দ্বিতীয় কোয়ালিফায়ারের চ্যালেঞ্জ নিতে হবে।

তার চেয়ে আজ জিতলে সরাসরি কোয়ালিফায়ার ১ হয়ে ফাইনালে পা রাখার হাতছানি। এ ম্যাচটি তাই অলিখিত কোয়ার্টার ফাইনাল। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে জিতলেও শীর্ষ দুইয়ে ওঠার সুযোগ নেই গতবারের রানার্সআপ বরিশালের।

পিএসএলের ব্যস্ততায় বেশিরভাগ পাকিস্তানি ক্রিকেটার চলে যাওয়ায় কুমিল্লা ও রংপুরে একটু ছন্দপতন হয়েছে। অবশ্য একমাত্র পাকিস্তানি হিসেবে আজও খেলবেন কুমিল্লার মোহাম্মদ রিজওয়ান। এদিকে নকআউট পর্ব নিশ্চিত করে দল আরও শক্তিশালী করেছে কুমিল্লা। আন্দ্রে রাসেল ও সুনিল নারাইনকে উড়িয়ে এনে গত ম্যাচে দারুণ জয়ও পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আজও দলটির জয়ের চিন্তায় আছেন এই তারকারা। কুমিল্লার সহকারী কোচ হুমায়ন কবির শাহিন বলেন, ‘(তালিকায়) এক, দুই তো সবার আশা থাকে, আমাদেরও আছে। আজ যদি আমরা ভালো করতে পারি, তাহলে তো দুইয়ে থাকব তখন একটা ম্যাচ বেশি পাব।’

রিজওয়ানের বদলে আজকের ম্যাচের পর কুমিল্লায় যোগ হবেন ফ্র্যাঞ্চাইজিটির নিয়মিত খেলোয়াড় মঈন আলি। ইংল্যান্ডের হয়ে খেলতে একটু আগেই বাংলাদেশে আসছেন তিনি। এ ছাড়া আজ ইনজুরি কাটিয়ে লিটন দাশও একাদশে ফিরবেন।

রংপুর গত ম্যাচে নতুন যোগ দেওয়া রহমানউল্লাহ গুরবাজের ব্যাটে জিতলেও এ ম্যাচে পাচ্ছে না হারিস রউফকে। তার বদলে আফগানিস্তান পেসার নাভিন উল হককে এনেছে। টম কোহলার-চ্যাডমোর দলটির অপর নতুন মুখ। এর আগে শোয়েব মালিককেও পিএসএল ব্যস্ততার কারণে হারিয়েছে রংপুর। এ ছাড়া খুব একটা বড় নাম না থাকায় শীর্ষ দুইয়ে যাওয়ার লড়াইয়ে কুমিল্লার চ্যালেঞ্জটা বেশ কঠিন হবে দলটির জন্য।