২৮ হলে মুক্তি পেল দুই সিনেমা

ভালোবাসা দিবসকে ঘিরে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল দুই সিনেমা। এর মধ্যে ‘মন দিয়েছি তারে’ দেখা যাবে দেশের ১৫টি প্রেক্ষাগৃহে। অন্যদিকে ‘কথা দিলাম’ ছবিটি পেয়েছে ১৩টি হল।

মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মন দিয়েছি তারে’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আসিফ ইমরোজ ও অমৃতা খান। এটি প্রযোজনা ও পরিবেশনা করছে সামি বাণী চিত্র। ছবিটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সুজাতা, সাগর, কাকন শাহা, সাদেক বাচ্চু প্রমুখ।

ছবি মুক্তি নিয়ে আসিফ ইমরোজ বলেন, ‘এটি রোমান্টিক ধারার ছবি হলেও মূলত একটি সামাজিক, বাস্তবধর্মী কাহিনী নিয়ে বানানো হয়েছে। মানুষের জীবন সংগ্রামের পাশাপাশি সমাজের কিছু নেতিবাচক দিকও উঠে এসেছে এখানে। দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানাই। আশা করি তাদের ভালো লাগবে।’

নায়িকা অমৃতার ভাষ্য, ‘সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা রোমাঞ্চকর ছিলো। এখন মুক্তি নিয়েও বেশ উচ্ছ্বসিত। আসিফ ইমরোজ ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি হলাম। আমার বিশ্বাস, আমাদের রসায়ন দর্শকের পছন্দ হবে।’

অন্যদিকে গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ‘কথা দিলাম’ সিনেমাটি পরিচালনা করেছেন রকিবুল আলম রাকিব। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জামশেদ শামীম ও সাবরিনা সুলতানা কেয়া। ছবির বিভিন্ন চরিত্রে আরও আছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম, তাহমিনা মনা প্রমুখ।