কি কারণে বাহু বন্ধনী পরেছেন জানতেন না রিজওয়ান

ভাষা দিবসের স্মরণে বিশেষ দিন পালন করছে বিপিএল। ধারাভাষ্যকার বাংলায় বর্ণনা দিয়েছেন। কালো পাঞ্জাবি-পাজামা পরেছেন। ভারতীয় উপস্থাপিকা পামেলা ভাদুরিয়া সিং পরেছেন সাদা-কালো শাড়ি। স্ক্রিনে ভেসে উঠেছিল বাংলা কবিতার লাইন। আর আম্পায়ার ও ক্রিকেটারদের পরতে দেখা গেছে বাংলা বর্ণমালা সম্বলিত বিশেষ বাহুবন্ধনী। লিগ পর্বে দিনের প্রথম ম্যাচে যা পরেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানও।

তবে এই বাহুবন্ধনী তিনি কি কারণে পরেছিলেন তা জানতেন না টি-টোয়েন্টির অন্যতম সেরা এই ব্যাটসম্যান। আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে এই কথা জানান তিনি নিজেই।

বিপিএলের বিশেষ দিনটি নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আমি জানি না আজ কোন দিন তবে আমি তাদের কামনা করি। বাংলাদেশ থেকে আমি সবসময় ভালোবাসা পাই। আমি এখানে পেশোয়ার থেকে যে ভালবাসা পেয়েছি। যে দিনই হোক না কেন সমগ্র বাংলাদেশবাসীকে শুভেচ্ছা জানাই।’

পরে সংবাদকর্মী তাকে জানান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই এটা ভাষার মাস। ভাষার মাসকে স্মরণ করে বিপিএলে আজ বিশেষ উদ্যোগ নেওয়া হয়। যার অংশ হিসেবেই ক্রিকেটারদের হাতে এই বাহুবন্ধনী।

সেটা জানার পর উত্তরে তিনি বলেন, ‘ও আচ্ছা! তাই নাকি! এটা আমার জানা ছিল না।’