অভিষেক টেস্টে ৫ উইকেট শিকার করলেন টড মার্ফি। তবে রোহিত শর্মার সেঞ্চুরিতে নাগপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় লিডের পথে থাকল ভারত।
টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরি তুলে নেওয়া রোহিত শুক্রবার ১২০ রানের ইনিংস উপহার দিয়েছেন। সুবাদে ৭ উইকেটে ৩২১ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।
আগের দিন অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৭৭ রানে গুটিয়ে যায়। পরে ১ উইকেটে ৭৭ রান নিয়ে দিন শেষ করে ভারত।
দ্বিতীয় দিন শেষে এখন পর্যন্ত ভারত ১৪৪ রানের লিড পেয়েছে। যদিও অফ-স্পিনার মার্ফি ৮২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন।
২১২ বলে ১৫ চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজানো রোহিত বোল্ড হন প্যাট কামিন্সের বলে। দলীয় রান তখন ২২৯। ৬ উইকেট হারিয়ে ভারত তখন পর্যন্ত এগিয়ে ৫২ রানে।
রোহিত ফেরার পর দ্রুতই ফিরে যান শ্রিকর ভারত (৮)। এরপর অক্ষর প্যাটেলের সঙ্গে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি উপহার দেন রবীন্দ্র জাদেজা।
বল হাতে ৪৭ রান খরচায় ৫ উইকেট নেওয়া জাদেজা ৬৬ রানে অপরাজিত আছেন। প্যাটেল অপরাজিত ৫২ রানে।
লোকেশ রাহুলকে কট অ্যান্ড বোল্ড করে নিজের অভিষেক উইকেটের স্বাদ পান মার্ফি। এরপর রবিচন্দ্রন অশ্বিন, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি ও শ্রিকর ভারতকে ফিরিয়ে পূরণ করেন ৫ উইকেট। সিনিয়র পর্যায়ে এই প্রথম ৫ উইকেট পেলেন তিনি।
স্টিভেন স্মিথ এখন পর্যন্ত মোট তিনটি ক্যাচ ফেলেছেন। এর মধ্যে দিনের শেষ ওভারে জাদেজার ক্যাচও রয়েছে।