লোডশেডিংয়ে দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় স্থবির। তাই নতুন বিদ্যুৎ অবকাঠামোতে বিনিয়োগের ক্ষেত্রে সব বাধা অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভয়াবহ বিদ্যুৎ সংকটের কারণে অর্থনীতি পঙ্গু হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার জাতীয় দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেছেন।
কয়েক মাস ধরে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা এসকম প্রতিদিন ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং করতে বাধ্য হয়েছে। ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের ২ দশমিক ৫ শতাংশ থেকে কমে এ বছর শূন্য দশমিক ৩ শতাংশে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে বিদ্যুৎ সংকট ও এর প্রভাব মোকাবিলায় জাতীয় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে বলে দাবি প্রেসিডেন্ট রামাফোসার।
সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার শাসনামলে দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানটি।