স্কুলের ক্রীড়ানুষ্ঠানে হামলায় শিক্ষকসহ আহত ৫

নাটোরের বড়াইগ্রামে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলায় শিক্ষক ও অভিভাবকসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় ওই গ্রামের গোলাম মাসুদ ও সজীবের নেতৃত্বে বহিরাগত কয়েক যুবক অনুষ্ঠানে বিঘœ সৃষ্টি করে। পরে স্কুলের সহকারী শিক্ষক উজ্জ্বল হোসেন তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে তারা ওই শিক্ষককে লাঞ্ছিত করে। এতে উত্তেজনার সৃষ্টি হলে তারা পুনরায় লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠানে হামলা করলে পাঁচজন আহত হন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে সহকারী শিক্ষক উজ্জ্বল হোসেন ও স্বেচ্ছাসেবক শামীম আহমেদকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।