বান্দরবানের রুমায় পাঁচ দিন আগে নিখোঁজ লালরামচহ বম লারাম (৪৩) নামে এক পর্যটন ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হারমন খুমীপাড়া পাহাড়ের খাদ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। লালরামচহ বম লারাম রুমার বগা লেক পাড়ার সাংরিয়াম বমের বড় ছেলে। এ ছাড়া পর্যটন স্পট বগা লেকে কটেজ ও রেস্তোরাঁর ব্যবসা আছে তার।
লালরাম বমের ছোট ভাই লালকিম বম বলেন, ‘আজ (গতকাল) পুলিশ লাশ উদ্ধার করে বগা লেক পাড়ায় আনার পর আমার ভাবি সেটি বড় ভাইয়ের লাশ হিসেবে শনাক্ত করেৃেছন।’
নাম প্রকাশে অনিচ্ছুক পাড়াবাসী ও লালরামচহের স্বজনরা জানান, ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগা লেক পাড়ার গির্জায় কীর্তন চলাকালে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাক পরা একদল অস্ত্রধারী প্রবেশ করে। পরে গির্জা থেকে লালরামচহ, তার পিতা সাংলিয়াম বম, স্ত্রী নুজিং বমসহ পাঁচজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তারা। মধ্যরাতে লালরাম ছাড়া বাকি চারজনকে ছেড়ে দেওয়া হয়।
রুমা থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, লাশ উদ্ধার করে বিকেলে থানায় আনা হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল (আজ) শনিবার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।