শেষ মুহূর্তে শোভা বাড়াতে বিপিএলে মঈন আলি

শেষের বাঁশি বেজে উঠেছে। বিপিএলের পর্দা নামার সময় ঘনিয়ে আসছে। বাকি আছে আর মাত্র চারটি ম্যাচ। কোয়ালিফায়ার, এলিমিনেটর আর ফাইনাল। আর এই সময়টাতে টুর্নামেন্টের শোভা বাড়াতে ঢাকায় পা রেখেছেন ইংল্যান্ডের সহ-অধিনায়ক মঈন আলি ও শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকশে।

শেষ মুহূর্তে শক্তি বাড়াতে পরীক্ষিত তারকাদের নিয়ে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ইংলিশ অলরাউন্ডার মঈন আলি যোগ দিয়েছেন কুমিল্লায়। আর বরিশাল নিয়ে এসেছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকশেকে।

নিজ নিজ ফেসবুকে পেজে এই তারকাদের আসার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল।

ফেসবুকে মঈনের ছবি পোস্ট করে কুমিল্লা লিখেছে, ‘বিপিএল মাতাতে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন। মঈন আলীকে কুমিল্লা ভিক্টোরিয়ানস পরিবারে স্বাগতম।’

কুমিল্লার মতো একইভাবে শেষ মুহূর্তে বরিশাল নিয়ে এসেছে লঙ্কান ব্যাটসম্যান রাজাপক্ষেকে। এই ব্যাটসম্যানের আসার খবর নিশ্চিত করে বরিশাল তাদের ফেসবুকে লিখেছে, ‘দলে যোগ দিতে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষে ঢাকায় এসে পৌঁছেছেন।’

রবিবার প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। একই দিন প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানস মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের।