স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) আওতায় ১৫ লাখ পরিবারের ৬০ লাখ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের মানুষকে এ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।
গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এবং মানিকগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিবছর ২% মানুষ স্বাস্থ্যসেবা নিতে গিয়ে দরিদ্র সীমার নিচে পড়ে যায়। আমরা আশা করি এ কর্মসূচির কারণে নতুন করে আর কোনো মানুষ চিকিৎসা নিতে গিয়ে দরিদ্র সীমার নিচে আসবে না। তিনি বলেন, এসএসকে হচ্ছে অতিদরিদ্র পরিবারের সব সদস্যকে প্রতিবছর বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বেশ কয়েক বছর আগে পাইলট প্রকল্প হিসেবে টাঙ্গাইল জেলায় এটি শুরু হয়। এখন প্রকল্পটি আরও ছয়টি জেলায় শুরু করা হবে। তার মধ্যে সর্বপ্রথম মানিকগঞ্জে উদ্বোধন হলো। মানিকগঞ্জে ৭টি উপজেলা, দুটি পৌরসভা এবং ৬৫টি ইউনিয়নের ১ লাখ ৫০ হাজার পরিবারকে প্রতিবছর ৫০ হাজার টাকার প্যাকেজে আওতায় বিভিন্ন রোগের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হবে। তাছাড়া যাতায়াত ভাতাও দেওয়া হবে। প্রায় ১১০টি রোগের চিকিৎসা দেওয়া হবে। প্রথমে এ ব্যবস্থা সরকারি হাসপাতালে থাকলেও আমরা পরে বেসরকারি হাসপাতালকেও এর আওতায় নিয়ে আসব।