প্রধানমন্ত্রী আজ কালিয়াকৈর যাচ্ছেন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আজ রবিবার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফিপুরের আনসার একাডেমিতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে যোগ  দেবেন তিনি। এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে আনসার একাডেমি। নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

আনসার একাডেমি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় সফিপুর আনসার একাডেমিতে আসবেন। এরপর তিনি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক কুচকাওয়াজে উপস্থিত থাকবেন। পরে বিভিন্ন পদক বিতরণ শেষে প্রধানমন্ত্রী তার ভাষণ প্রদান করবেন। এছাড়াও তিনি কুচকাওয়াজের সমাপ্তি, বিভিন্ন প্রকল্প উদ্বোধন এবং ৪৩তম জাতীয় সমাবেশের কেক কাটবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে সফিপুর আনসার একাডেমি। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সড়কের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে ফেস্টুন ও ব্যানার। এদিকে প্রধানমন্ত্রীর আগমনে উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে আনসার একাডেমি। এছাড়াও পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।