লক্ষ্মীপুরে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩৯০ জনের বিরুদ্ধে দুই মামলা

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে দলীয় ইস্যুতে সংঘর্ষের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আসামি করে পৃথক পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার রাতে কমলনগর থানায় বিএনপির ৩৯০ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। পুলিশ এ ঘটনায় যুবদলকর্মী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে। কমলনগর থানা বিষয়টি নিশ্চিত করে।

মামলা ও দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে (১১ ডিসেম্বর) রাতে বিএনপিদলীয় নেতাকর্মীরা উপজেলার হাজিরহাট বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যা ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় চর ফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিমকে প্রধান আসামি করা হয়।

অপরদিকে কমলনগরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলার অভিযোগে আবদুল মান্নান নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শান্তি সমাবেশে হামলার অভিযোগে বিএনপির ১৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর। মামলায় উপজেলা বিএনপির সদস্য দেলওয়ার হোসেন মানিক, চরকাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হিরন হাওলাদার, যুবদলের সভাপতি আকরাম হোসেন শাহেদ হাওলাদারসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায় এজহারভুক্ত আসামি হলো বিএনপি ও যুবদলকর্মী রাহাত, জাহের, হেলাল, রাসেল, দেলোয়ার, রাকিব, দোলন, মোরশেদ, দেলোয়ার হোসেন মানিক, সাজু, মাইন উদ্দিন, ইব্রাহিম খলিল, নাজিম মেম্বার ও বেলাল।

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ উল্ল্যা বলেন, রাত সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা ইব্রাহিম ১৫০-২০০ নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে মামলা করেছি।

জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজাম এবং কমলনগর উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী বলেন, রাতের অন্ধকারে আওয়ামী লীগ নেতাকর্মীরাই তাদের কার্যালয়ের চেয়ার টেবিল ভাঙচুর করেছে। এখন বিএনপির নেতাকর্মীদের ফাঁসানোর জন্য আবারও মিথ্যা মামলা করছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও দলীয় কর্মসূচি শান্তি সমাবেশে হামলার ঘটনায় বিএনপির ও যুবদলের নেতাকর্মীসহ ৩৯০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলার পর এক যুবদলকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, শনিবার বিকালে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ ও বিএনপির পদযাত্রায় লক্ষ্মীপুর জেলার প্রতিটি ই্উনিয়নে পৃথক দলীয় কর্মসূচি পালন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী মুখোমুখি হয়ে হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় উভয় দলেল ২ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি দলীয় নেতৃবৃন্দরা।