ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (ডুয়েট) ছয় উইকেটে হারিয়ে আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা- ২০২৩ এর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮৭ রান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জবাবে ছয় উইকেট হাতে রেখে ৯.৪ অভারে ৯০ রান করে লক্ষ্যে পৌছে যায় কুবি।
প্রত্নতত্ত্ব বিভাগের ইকরাম হোসেনের দুর্দান্ত বোলিংয়ে তোপের মুখে পড়ে ডুয়েট টিম। দুই ওভারে মাত্র সাত রান দিয়ে দুই উইকেট তুলে নেন ইকরাম।
রান তাড়া করতে নেমে প্রত্নতত্ত্ব বিভাগের সাকিব আল হাসানের ১৯ বলে ৩১ ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শফিউল আলমের ২২ বলে ৩০ রানের আক্রমনাত্মক ব্যাটিংয়ে জয়ের দিকে এগিয়ে যায় কুবি ক্রিকেট দল।
ইকরাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে এই প্রথম আমরা ক্রিকেট খেলায় কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছি, এতে আমার খুব ভালো লাগছে, আমরা আনন্দিত। আশা করছি ফাইনালে আমরা আরো ভালো পারফরম্যান্স করতে পারবো ইনশাআল্লাহ।
একই দিনে সকাল নয়টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) ৭ উইকেটে হারায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।