বেলারুশ সীমান্তে ব্যাপক আকারে সামরিক মহড়া শুরু করেছে ইউক্রেনের সেনাবাহিনী। গেল শনিবার থেকে শুরু হওয়া এ অনুশীলনে সরাসরি গুলির পাশাপাশি ভারী অস্ত্রের ব্যবহার করা হয়। এ ছাড়া অত্যাধুনিক ট্যাংক, হিমারস ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহারের মাধ্যমে মহড়ায় সামরিক সক্ষমতা প্রদর্শন করে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় সেনাবাহিনীর কমান্ডার সার্থি নেয়েভ বলেন, ‘রাশিয়ার সামরিক আগ্রাসনের এক বছর হতে চলল। এই যুদ্ধে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, সে বিষয়টি মাথায় রেখেই এই অনুশীলন।’ এদিকে উত্তেজনা দেখা দিয়েছে দুই প্রতিবেশী দেশ বেলারুশ ও পোল্যান্ডের মধ্যে। গত বৃহস্পতিবার বেলারুশ সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং বন্ধের ঘোষণা দেয় পোল্যান্ড। নিরাপত্তার কথা বলে বেলারুশ সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং বাব্রোওনিকি গত শুক্রবার থেকে বন্ধ করে দেয় পোল্যান্ড। এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানায় বেলারুশ।