কুমিল্লার লালমাই পাহাড় না কাটার নির্দেশ হাইকোর্টের

কুমিল্লার লালমাই পাহাড় কাটা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। আদেশে সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি), হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড, হক এন্টারপ্রাইজ জয়েন্ট ভেঞ্চার (জেভি) এবং ম্যাজিক প্যারাডাইস পার্কের কার্যক্রমের ফলে ইতিমধ্যে লালমাই পাহাড়ের প্রতিবেশ ব্যবস্থা, উদ্ভিদ, প্রাণী ও জীববৈচিত্র্যের যে ক্ষতিসাধিত হয়েছে তা নিরূপণ করতে বলেছে আদালত।

আদালতে বেলার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। তার সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না। রুলে নির্বিচারে লালমাই পাহাড় কাটা থেকে রক্ষায় বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও জনস্বার্থ পরিপন্থী ঘোষণা করা হবে না জানতে চেয়েছে হাইকোর্ট।