এলসির অভাবে দেশের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ডলার সংকটের কারণেই এলসি বন্ধ হওয়ায় জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে পড়েছে। এমন অবস্থায় দেশের চিকিৎসাক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে।
গতকাল রবিবার এক ভিডিও বার্তায় জাপা চেয়ারম্যান এই আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের ৯৬ ভাগ চিকিৎসা সরঞ্জাম আমদানি নির্ভর। কিন্তু, ডলার সংকটের কারণে জীবন রক্ষাকারী সরঞ্জাম আমদানির জন্য ব্যাংকগুলোতে এলসি করা যাচ্ছে না। চিকিৎসা ব্যবস্থায় প্রতিদিনের প্রয়োজনীয় মালামাল দু®প্রাপ্য হয়ে পড়ছে। চিকিৎসা সরঞ্জাম আমদানিতে এলসি বন্ধ থাকলে, হার্টের রিং, সেলাইয়ের সুতা, এক্স-রে প্লেট, ইসিজি রোল, আল্টাসনো পেপার, ডায়াবেটিক মাপার ট্রিপস, ব্লাড ও ইউরিন ব্যাগ, ডায়ালাইজার এবং হ্যান্ড গ্লাভসসহ আমদানি নির্ভর সব পণ্যের সংকট দেখা দেবে।
ভিডিও বার্তায় জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম আমদানিতে বিশেষ ব্যবস্থায় এলসি খোলার ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন জাপা চেয়ারম্যান।