বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বড়সড় লাফ দিয়েছে ভারত। শেষ পর্যন্ত কোন দুই দল ফাইনাল খেলবে, তা স্পষ্ট হয়ে যেতে পারে সিরিজের বাকি তিন টেস্টের ফলে। এর আগে দেখে নেওয়া যাক কোন কোন দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে আছে এখনও।
মোট নয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ মৌসুমে দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজ প্রায় শেষের পথে। বর্ডার-গাভস্কার ট্রফি ছাড়া আরও ২টি টেস্ট সিরিজ খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। শ্রীলঙ্কা মাঠে নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।
আপাতত ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার। বাকি পাঁচটি দল (নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ) ইতিমধ্যেই ছিটকে গিয়েছে লড়াই থেকে।
বর্ডার-গাভাস্কার ট্রফির ফলাফলে অবশ্য বাকি দুটি সিরিজও (শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ) অর্থহীন হয়ে দাঁড়াতে পারে।
এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা কার্যত পাকা। একমাত্র তখনই অজিরা ফাইনালের টিকিট হাতছাড়া করতে পারে, যদি তারা ভারতের কাছে সিরিজের চারটি টেস্টই হারে এবং শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে।
সুতরাং ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজে অন্তত একটিতে ড্র করলেই অন্য কোনো দলের দিকে না তাকিয়ে অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে। অবশ্য পেনাল্টি হিসেবে তাদের কোনো পয়েন্ট কাটা গেলে বিপদে পড়তে হতে পারে। অস্ট্রেলিয়া চারটি টেস্ট হেরেও ফাইনালে যেতে পারে, যদি শ্রীলঙ্কা অন্তত একটি টেস্ট হারে বা ড্র করে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ভারত বর্ডার-গাভাস্কার ট্রফির বাকি ৩ টেস্টের মধ্যে ২টি জিতলে অন্য কোনো দলের দিকে না তাকিয়ে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ, ভারত যদি ৪-০, ৩-০ বা ৩-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তবে তারা শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে লড়াই থেকে ছিটকে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে। অস্ট্রেলিয়া সিরিজ ২-২ ড্র করেও ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে, যদি শ্রীলঙ্কা তাদের ২টি টেস্টের মধ্যে একটি হারে বা ড্র করে।
ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে সিরিজের অন্তত ২টি টেস্ট হারে অথবা অস্ট্রেলিয়া যদি তাদের সব টেস্টে পরাজিত হয়, একমাত্র তবেই দরজা খোলা থাকবে শ্রীলঙ্কার সামনে। তবে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের শেষ ২টি টেস্ট জিততেই হবে।
অন্যদিকে ভারত চলতি সিরিজের আর একটি টেস্ট জিতলেই দক্ষিণ আফ্রিকার সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। ভারত ও শ্রীলঙ্কা তাদের সব ম্যাচ হারলে একমাত্র তবেই দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ থাকবে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ২টি টেস্ট তাদের জিততেই হবে।