বরগুনার মিন্নির কাহিনী নিয়ে নির্মিত ‘পরাণ’ সিনেমা গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দারুণ সাড়া ফেলে। এবার শরিফুল রাজ-মীম-ইয়াশ অভিনীত এই ছবিটিকে সূত্র বানিয়ে নির্মিত হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মনজুড়ে’!
সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য লিখেছেন ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। এতে জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।
নাটকটির গল্প প্রসঙ্গে জাকারিয়া সৌখিন বলেন, ‘‘এটা নিখাদ একটি প্রেমের গল্প। যেখানে গল্পের মোড় ঘোরাতে ‘পরাণ’ ছবির প্রসঙ্গটি আসে। গল্পের দুই চরিত্র সুমন ও নীলার মধ্যে খানিক প্রেম হয়। এবং তারা একদিন লুকিয়ে ‘পরাণ’ ছবিটি দেখতে যায় সিনেমা হলে। এরপর তাদের জীবনে নেমে আসে নাটকীয় দুর্ঘটনা।’’
প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ‘মনজুড়ে’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।